চুয়াডাঙ্গায় হাতকড়া ভেঙে পালালো আসামি
সারাদেশ

চুয়াডাঙ্গায় হাতকড়া ভেঙে পালালো আসামি

সবার সংবাদ ডেস্ক:

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়ার লক ভেঙে আজিজুল শেখ (৩৮) নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। রবিবার সকাল ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল।

আসামি আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও সদর থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় আসামি আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে পালিয়ে যায় সে। পরে তাকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, পালিয়ে যাওয়া আসামি আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।