সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় প্রতিপক্ষদের হামলার শিকার ভোটার ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। নির্বাচনের জয় লাভের পর আনন্দ করার ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের স্কুল পাড়ায় নৌকার ভোটারদের উপর হামলা চালিয়েছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।
এ ঘটনায় ৬জন আহত হয়েছে। আহতরা হলো বিপ্লব (১৮), শিমুল ইসলাম (২৩), হাবিল (৫৫), আবু তালেব (৩০), মো: রুবেল (৩৫), ও মো: মাসুম (১৭)। তাদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলেও জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে ১৬ মার্চ আমদহ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন জয় লাভ করেন। বিজয়ী প্রার্থীর সমর্থকরা শুক্রবার রাতে আশরাফপুর সড়কে আনন্দ প্রকাশ করতে থাকে। এ সময় পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ৬ জন আহত হয়। এ সময় হামলাকারীরা একাধিক বাড়ি ভাঙচুর করে।
আশরাফপুর স্কুল পাড়ার আসমান আলী জানান, নৌকায় ভোট দেওয়ার কারণে বিদ্রোহী প্রার্থীর ছেলে মেহেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব লিজনসহ মিজান, ফিরোজ, আশরাফুল, বকুল, সাইদুল, রিপন, শয়ন ও সার্থকসহ ৩০-৩৫ জনের একটি দল আমাদের বাড়িয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। বর্তমানে আমরা আতংকের মধ্যে দিনযাপন করছি। আমরা এর সঠিক বিচার দবি করছি।
সংঘর্ষ চলাকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







