মেহেরপুরে দুটি ইজিবাইক ছিনতাই
টপ নিউজ ঢাকা

মেহেরপুরে দুটি ইজিবাইক ছিনতাই

সবার সংবাদ ডেস্ক:

ছদ্মবেশী ছিনতাইকারীরা ২ ইজিবাইক চালককে অজ্ঞান করে দুটি ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। সংজ্ঞাহীন অবস্থায় মোঃ আব্দুল মালেক দুলাল ও মোঃ শিমুল (২২) নামের দুই ইজিবাইক চালককে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আব্দুল মালেক দুলাল ও শিমুল কে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মোঃ আব্দুল মালেক দুলাল মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাঠ পাড়া গ্রামের এনায়েত আলীর ছেলে। এবং মোঃ শিমুল সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহুরুল হকের ছেলে।

সংজ্ঞাহীন দুজনের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অটো চালানোর উদ্দেশ্যে তারা তাদের নিজ নিজ এলাকা থেকে অটো নিয়ে বাড়ি থেকে রওনা হয়। দুপুরের দিকে পুলিশ লাইন সড়কে তাদেরকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ভর্তি করে।

ধারণা করা হচ্ছে যাত্রীবেশি ছিনতাইকারী তাদের অটো ভাড়া করে পথিমধ্যে চেতনানাশক ঔষধ খাইয়ে তাদের সংজ্ঞাহীন করে পুলিশ লাইনের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।