মেহেরপুরে দুই হিজড়াকে অপহরণ, অচেতন অবস্থায় উদ্ধার
অন্যান্য ঢাকা

মেহেরপুরে দুই হিজড়াকে অপহরণ, অচেতন অবস্থায় উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

হিজড়া সম্প্রদায়ের পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজড়াকে অপহরণ করার পর অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এই অপহরনের ঘটনা ঘটে।

এদিকে বিকেলের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের অনুরোধে চুয়াডাঙ্গা পুলিশ চুয়াডাঙ্গার সাত গাড়ি এলাকা থেকে সন্ধ্যা ও রুবিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনা মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

জানা গেছে প্রতিদিনের ন্যায় রবিবার সকালের দিকে মেহেরপুর গোহাট পাড়ার বাসিন্দা হিজড়া সুরভী, সন্ধ্যা ও রুবিনা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে নিজেদের কাজে রওনা দেন। সুরভী, সন্ধ্যা ও রুবিনা শ্যামপুর গ্রামের ছেলে নাচানোর কাজ শুরু করার পরপরই রেখা, সোহাগী, শিমরান, সুবর্ণা, লতা, শিপন সহ ১০-১২ জনের অপর একটি হিজড়ার দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুরভী সন্ধ্যা ও রুবিনাকে মারধর করে সন্ধ্যা ও রুবিনাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুরের হিজড়ার গুরুমা সীমা হিজড়ার নেতৃত্বে অন্যান্য হিজড়ারা মেহেরপুর সদর থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।

বর্তমানে অচেতন অবস্থায় সন্ধ্যা এবং রুবিনা মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপহরণ ও নির্যাতনের ঘটনায় মেহেরপুরের হিজড়ার গুরুমা সীমা হিজড়া সহ মেহেরপুরের হিজড়া সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অপহরণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।