খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কামাল হোসেনের ছেলে ফারহান (০২) এবং নূর আলমে মেয়ে নুসরাত জাহান (১৮ মাস)। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুকুরধারে খেলা করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা।  জানা যায় প্রতিদিনের ন্যায় সোমবার সকালে পুকুর পাড়ে খেলা করতে যায় ফারহান এবং নুসরাত। খেলা করার সময় এক পর্যায়ে তারা পা ফসকে পুকুরে পড়ে গেলে পানিতে তলিয়ে যায়।

এ ব্যাপারে রেজাউল করিম  জানান, দুপুরে গোসল ও খাওয়া দাওয়া করানোর জন্য আমরা খোঁজ নিতে গেলে, খুঁজে না পেয়ে একপর্যায়ে পুকরের পানিতে ভেসে থাকতে দেখি। পরে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো: আবদুল আলিম জানান, নিহত ছেলেমেয়ে দুটি আমার প্রতিবেশী। তারা পুরো বাড়ী জুড়ে খেলাধুলা করতো। আজও তারা খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। 

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ প্রমেশ চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।