সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে মোটরসাইকেল রেস (পাল্লাপাল্লি) খেলতে গিয়ে আহত শুভ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুভ কাজীপুর গ্রামের মধ্যেপাড়ার বাসিন্দা ও প্রবাসী শিপন আলীর ছেলে। রবিবার দিবাগত মধ্যেরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শুভ’র মৃত্যু হয়।
এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজীপুর-বামন্দী সড়কের সাহেবনগর গ্রামের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য জয় ও তার বন্ধু শুভ নিজ নিজ মোটরসাইকেল নিয়ে রেস (পাল্লাপাল্লি) দিচ্ছিলেন। এসময় পাশাপাশি দুটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে জয়ের ধাক্কা লাগে। এবং শুভ সড়কে ছিটকে পড়েন।
জয়ের একটি হাতের হাড় ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গাছের মধ্যে ঢুকে পড়ে। এবং শুভ’র মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত হয়। ফলে দু’বন্ধুই গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষমেষ জয়কে ঢাকায় নেয়া হয়। রবিবার দিবাগত মধ্যেরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যান।







